ফেসবুক জটিলতায় মাহফুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজ আহমেদ
মাহফুজ আহমেদ

দুই বছর ধরে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে রাজনৈতিক নানা মন্তব্য প্রকাশ করছে একটি চক্র। মাহফুজ দাবি করেছেন, সম্প্রতি দেশের প্রধান দুই নেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ছাড়া হয়েছে তাঁর ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এ জন্য প্রচণ্ড চটেছেন তিনি। যত দ্রুত সম্ভব তাঁর নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন ক্ষুব্ধ মাহফুজ।
প্রথম আলোকে মাহফুজ বলেন, ‘আমি কোনো দিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, নেই এবং ভবিষ্যতেও রাজনীতি করার কোনো রকম ইচ্ছে আমার নেই। এখন পর্যন্ত ফেসবুকে কোনো অ্যাকাউন্ট আমি খুলিনি। তার পরও একটি চক্র আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে রাজনীতি-সংক্রান্ত আজেবাজে নানা মন্তব্য প্রকাশ করছে। এ জন্য সামাজিকভাবে আমাকে হেয় হতে হচ্ছে, অনেকের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’
মাহফুজ আরও বলেন, ‘আমি একজন অভিনেতা ও নির্মাতা। মাসের ৩০ দিনই আমাকে শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। সামাজিক যোগাযোগ রক্ষার ভালো একটি মাধ্যম ফেসবুক। কিন্তু কাজের প্রচণ্ড ব্যস্ততার কারণে এখন পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়নি।’
মাহফুজ এও বলেন, ‘ইদানীং এত বেশি আপত্তিকর মন্তব্য ছাড়া হচ্ছে যে আমার সহ্যের সীমা অতিক্রম করে গেছে। বিটিআরসির (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব আমার নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের ব্যবস্থা করা হোক। পাশাপাশি দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি জানাচ্ছি আমি।’